এশিয়ান গেমস ২০২৬: রোশিবিনার রুপোর ঝলক, রোয়িংয়ে সাতনাম-সলমনের ব্রোঞ্জ
রোশিবিনা দেবীর হাত ধরে উশুতে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য পেল ভারত। এশিয়ান গেমসের ইতিহাসে টানা তিনটি আসরে পদক জেতা প্রথম ভারতীয় উশু খেলোয়াড় হিসেবে ইতিহাস তৈরি করলেন তিনি। এর আগে দুটি এশিয়ান গেমসেও পদক জিতেছিলেন রোশিবিনা। ফলে তাঁর এই রুপোর পদক শুধু ভারতের পদকসংখ্যাই বাড়াল না, তৈরি করল নতুন ইতিহাসও।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: এশিয়ান গেমসের মঞ্চে বৃহস্পতিবার সকালেই জোড়া পদক এল ভারতের ঝুলিতে। উশুর সান্দা বিভাগে মহিলাদের ৬০ কেজি শ্রেণিতে রুপোর পদক জিতলেন নওরেম রোশিবিনা দেবী। অন্যদিকে, রোয়িংয়ের পুরুষদের ডাবল স্কালস বিভাগে ব্রোঞ্জ জিতলেন সাতনাম সিং ও সলমন খানের জুটি। এই দুই পদকের ফলে এশিয়ান গেমসের চলতি আসরে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে দাঁড়াল ১৪-তে। ভারতের ঝুলিতে এখন একটি সোনা, ছয়টি রুপো এবং সাতটি ব্রোঞ্জ।
রোশিবিনা দেবীর হাত ধরে উশুতে আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য পেল ভারত। এশিয়ান গেমসের ইতিহাসে টানা তিনটি আসরে পদক জেতা প্রথম ভারতীয় উশু খেলোয়াড় হিসেবে ইতিহাস তৈরি করলেন তিনি। এর আগে দুটি এশিয়ান গেমসেও পদক জিতেছিলেন রোশিবিনা। ফলে তাঁর এই রুপোর পদক শুধু ভারতের পদকসংখ্যাই বাড়াল না, তৈরি করল নতুন ইতিহাসও।
মহিলাদের সান্দা ৬০ কেজি বিভাগের ফাইনালে চিনের ঝাং জিয়াওইউয়ের মুখোমুখি হয়েছিলেন রোশিবিনা। আইচি প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে অনুষ্ঠিত ফাইনালে চিনা প্রতিপক্ষের কাছে ০-২ ব্যবধানে পরাজিত হন ভারতীয় উশু খেলোয়াড়। দুই রাউন্ডেই ০-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন তিনি। এর আগে সেমিফাইনালে ইন্দোনেশিয়ার থানিয়া কুসুমানিংত্যাসকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন রোশিবিনা।
অন্যদিকে, রোয়িংয়েও এদিন এল গুরুত্বপূর্ণ সাফল্য। পুরুষদের ডাবল স্কালসের ফাইনালে সাতনাম সিং ও সলমন খান ৬ মিনিট ১৩.২৫ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন। ফলে তাঁদের হাত ধরে এল ব্রোঞ্জ পদক। এই পদকটিকে পুরুষদের ডাবল স্কালস বিভাগে এশিয়ান গেমসে ভারতের প্রথম পদক হিসেবেও উল্লেখ করা হচ্ছে।
চলতি এশিয়ান গেমসে ভারতের একমাত্র সোনা এসেছে মহিলাদের ক্রিকেট দলকে হাত ধরে। এবার রোশিবিনার রুপো এবং সাতনাম-সলমনের ব্রোঞ্জে আরও সমৃদ্ধ হল ভারতের পদকভাণ্ডার। বৃহস্পতিবার এখনও একাধিক ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের লড়াই বাকি। ফলে দিনের শেষে ভারতের পদকসংখ্যা আরও বাড়ার প্রত্যাশা থাকছেই।








