কোচিতে রোনাল্ডিনহো ঝড়! বুধবার ইন্ডিয়া অল স্টার একাদশের বিরুদ্ধে মাঠে নামছেন ব্রাজিলের কিংবদন্তি
‘রিটার্ন অব দ্য টাইটানস, কেরল এডিশন ২০২৬’ নামের এই প্রদর্শনী ম্যাচের মূল আকর্ষণ রোনাল্ডিনহো। গ্যামেন স্পোর্টসের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে একদিকে থাকছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের একাধিক কিংবদন্তি, অন্যদিকে ভারতীয় ফুটবলের প্রাক্তন তারকারা। ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন আই. এম. বিজয়নের মতো পরিচিত মুখও।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে ভারতে পা রেখেছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনাল্ডিনহো। বিশ্বের অন্যতম সেরা এবং বিনোদনদায়ক ফুটবলার হিসেবে পরিচিত এই তারকার ভারতজুড়ে রয়েছে বিশাল জনপ্রিয়তা। তাই রোনাল্ডিনহোর আগমনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দেশের ফুটবলপ্রেমীরা।
২২ সেপ্টেম্বর ভারতে এসেছেন রোনাল্ডিনহো। বর্তমানে তিনি কেরলের কোচিতে রয়েছেন। ব্রাজিল লেজেন্ডস দলের হয়ে ভারতের অল স্টার একাদশের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলতেই তাঁর এই সফর। বুধবার, ২৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় কোচির জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
‘রিটার্ন অব দ্য টাইটানস, কেরল এডিশন ২০২৬’ নামের এই প্রদর্শনী ম্যাচের মূল আকর্ষণ রোনাল্ডিনহো। গ্যামেন স্পোর্টসের উদ্যোগে আয়োজিত এই ম্যাচে একদিকে থাকছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলের একাধিক কিংবদন্তি, অন্যদিকে ভারতীয় ফুটবলের প্রাক্তন তারকারা। ভারতীয় দলের হয়ে মাঠে নামবেন আই. এম. বিজয়নের মতো পরিচিত মুখও।
তবে শুধুই বিনোদন নয়, এই প্রদর্শনী ম্যাচের সঙ্গে রয়েছে একটি সামাজিক বার্তাও। ‘অপারেশন তুফান ক্যাম্প’-এর সঙ্গে যুক্ত এই অনুষ্ঠানের মূল লক্ষ্য মাদকবিরোধী সচেতনতা তৈরি করা। ‘মাদককে না বলুন, ফুটবলকে হ্যাঁ বলুন’, এই বার্তাই তুলে ধরা হচ্ছে গোটা আয়োজনের মাধ্যমে।
পাশাপাশি, আসন্ন ভারত-ব্রাজিল সিনিয়র দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে ঘিরেও এই প্রদর্শনী ম্যাচের আলাদা তাৎপর্য রয়েছে। রোনাল্ডিনহোর উপস্থিতি ইতিমধ্যেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে সেই ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
মাঠে তাঁর জাদু দেখার অপেক্ষায় যখন কোচি, তখন রোনাল্ডিনহোর ভারত সফর আরও একবার মনে করিয়ে দিচ্ছে যে ফুটবল শুধুমাত্র ৯০ মিনিটের খেলা নয়, এটি স্মৃতি, আবেগ এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা ভালোবাসার নাম। আর সেই আবেগের সেতুবন্ধন হিসেবেই রোনাল্ডিনহোর আগমন।








