ব্রাজিল লেজেন্ডসের বিরুদ্ধে বিনীথের জোড়া গোল, ভারতীয় অলস্টারের ৪-৩ গোলে লড়াকু হার
ম্যাচের শুরুটা দারুণ করেছিল ভারত। ১৪ মিনিটে প্রতি-আক্রমণ থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন কেরলের তারকা ফুটবলার সি কে বিনীথ। গোলের সুযোগ পেয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল তুলে দিয়ে নিখুঁতভাবে জালে জড়িয়ে দেন তিনি। তাঁর গোলে গোটা স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে।

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: আগামী ৩ অক্টোবর কলকাতায় মুখোমুখি হবে ভারত ও ব্রাজিলের জাতীয় দল। তার আগে বুধবার কোচিতে ফুটবলপ্রেমীদের জন্য তৈরি হল এক বিশেষ সন্ধ্যা। জওহরলাল নেহরু আন্তর্জাতিক স্টেডিয়ামে এক প্রদর্শনী ম্যাচে ভারত অলস্টারসকে ৪-৩ গোলে হারাল ব্রাজিল লেজেন্ডস। ‘রিটার্ন অফ দ্য টাইটানস’ সিরিজের এই ম্যাচে একই মাঠে দেখা গেল বিশ্ব ও ভারতীয় ফুটবলের একাধিক কিংবদন্তিকে।
ম্যাচের শুরুটা দারুণ করেছিল ভারত। ১৪ মিনিটে প্রতি-আক্রমণ থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন কেরলের তারকা ফুটবলার সি কে বিনীথ । গোলের সুযোগ পেয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল তুলে দিয়ে নিখুঁতভাবে জালে জড়িয়ে দেন তিনি। তাঁর গোলে গোটা স্টেডিয়াম উচ্ছ্বাসে ফেটে পড়ে।
তবে বেশিক্ষণ পিছিয়ে থাকেনি ব্রাজিল। ম্যাচের অন্যতম প্রধান আকর্ষণ রোনালদিনহো পেনাল্টি থেকে গোল করে স্কোর সমান করেন। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজেদের হাতে তুলে নেয় ব্রাজিল লেজেন্ডস। ২৪, ২৮ ও ৩৩ মিনিটে পরপর তিনটি গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন ফার্নান্দিনহো। ফলে প্রথমার্ধেই ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।
তবে হাল ছাড়েনি ভারত। দ্বিতীয়ার্ধে আবার আক্রমণের ঝাঁঝ বাড়ায় ভারত অলস্টারস। ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান কমান বিনীথ। এরপর ৬০ মিনিটে আরও একটি গোল করে ভারতকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন অসীম বিশ্বাস। শেষ পর্যন্ত অবশ্য ব্রাজিলের রক্ষণ ভেদ করে সমতা ফেরাতে পারেনি ভারত। ৪-৩ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল লেজেন্ডস।
ব্রাজিলের হয়ে মাঠে ছিলেন রোনালদিনহো, রিভালদো ও এডমিলসনের মতো তারকারা। অন্যদিকে ভারত অলস্টারসের হয়ে খেলেন আই এম বিজয়ন, ভাইচুং ভুটিয়া, জো পল আঞ্চেরি, মহম্মদ রফি এবং রিনো আন্তোর মতো প্রাক্তন ভারতীয় তারকারা।








