আনসেলোত্তির মন্তব্য উড়িয়ে খালিদের বার্তা, ‘পাত্তা দিই না; পানামাতেই নজর’
কার্লো আনসেলোত্তির ভারতীয় ফুটবল নিয়ে মন্তব্য ঘিরে আলোচনা যতই তীব্র হোক, সেই বিতর্কে ঢুকতে নারাজ খালিদ জামিল। ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ম্যাচের আগে আনচেলত্তির মূল্যায়ন নিয়ে প্রশ্ন করা হলে জাতীয় দলের কোচের সাফ জবাব, “আমি পাত্তা দিই না। প্রত্যেকের নিজের মতামত জানানোর অধিকার রয়েছে।”

এক্সট্রাটাইম ওয়েবডেস্ক: কার্লো আনসেলোত্তির ভারতীয় ফুটবল নিয়ে মন্তব্য ঘিরে আলোচনা যতই তীব্র হোক, সেই বিতর্কে ঢুকতে নারাজ খালিদ জামিল। ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ম্যাচের আগে আনচেলত্তির মূল্যায়ন নিয়ে প্রশ্ন করা হলে জাতীয় দলের কোচের সাফ জবাব, “আমি পাত্তা দিই না। প্রত্যেকের নিজের মতামত জানানোর অধিকার রয়েছে।”
আনসেলোত্তির মন্তব্য নিয়ে পাল্টা কোনও বক্তব্য না রেখে খালিদ দ্রুত দলের আসল লক্ষ্যেই ফিরিয়ে আনেন আলোচনা। তাঁর কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পানামার বিরুদ্ধে ম্যাচ। “আমি শুধু আগামীকালের পানামা ম্যাচের দিকে মন দিতে চাই,” বলেন তিনি।
খালিদের এই অবস্থান থেকেই স্পষ্ট, মাঠের বাইরের আলোচনা তাঁর প্রস্তুতিতে প্রভাব ফেলতে দিচ্ছেন না। বরং শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।
বিশ্বকাপ খেলে আসা এবং বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪৪ নম্বরে থাকা পানামার বিরুদ্ধে ম্যাচটি ভারতের সামনে কঠিন পরীক্ষা। এরপর অক্টোবরের শুরুতেই ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের মুখোমুখি হবে ভারত। ফলে এই তিন ম্যাচে দলের পারফরম্যান্স খালিদের কাছে গুরুত্বপূর্ণ মূল্যায়নের সুযোগ।
তবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে শুধু রক্ষণাত্মক ফুটবল খেলতে চান না ভারতীয় কোচ। পরিস্থিতি অনুযায়ী রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য রাখার পরিকল্পনাই তাঁর। অর্থাৎ প্রতিপক্ষের শক্তি বুঝে কৌশল বদলাতে প্রস্তুত ভারত।
আনসেলোত্তির মন্তব্য নিয়ে বিতর্ক আপাতত থাক। খালিদের বার্তা স্পষ্ট মতামত নয়, মাঠের ৯০ মিনিটেই নিজেদের উত্তর দিতে চায় ভারত।








