আইওএ এসওএম নির্বাচনে হেরে গেলেন পিটি ঊষা, দ্বিতীয়বার আইওএ সভাপতি হওয়ার সুযোগ হারালেন
এই নির্বাচনে জিতলেন অন্য চার মহিলা ক্রীড়াবিদ অঞ্জু ববি জর্জ, সাইনা নেহওয়াল, রানি রামপাল ও দোলা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় হেরে গেলেন পিটি ঊষা ও অনিতা পল দুরাই।

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্পোর্টসপার্সনস অফ আউটস্ট্যান্ডিং মেরিট নির্বাচনে হেরে গেলেন পিটি ঊষা। এর ফলে ভারতীয় ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পদে দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পথে বড় বাধার মুখে পড়লেন ঊষা।
অন্যদিকে এই নির্বাচনে জিতলেন অন্য চার মহিলা ক্রীড়াবিদ অঞ্জু ববি জর্জ, সাইনা নেহওয়াল, রানি রামপাল ও দোলা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় হেরে গেলেন পিটি ঊষা ও অনিতা পল দুরাই।
সবচেয়ে বেশি ৫৩টি ভোট পেয়েছেন অঞ্জু ববি জর্জ। তারপরই আছেন প্রাক্তন হকি অধিনায়ক রানি রামপাল। তিনি পেয়েছেন ৫০টি ভোট। দোলা বন্দ্যোপাধ্যায় ৪৫টি ও সাইনা নেহওয়াল পেয়েছেন ৪৩টি ভোট। ঊষা পেয়েছেন ৪০টি ভোট ও অনিতা পেয়েছেন মাত্র ৬টি ভোট। এই নির্বাচনে মোট ৮০ জন ক্রীড়াবিদ অংশ নেওয়ার আগ্রহ দেখিয়ে ছিলেন। সেখান থেকে চার জন মহিলা ক্রীড়াবিদকে অনলাইন ভোটিংয়ের মাধ্যমে বেছে নেওয়া হল।
এই হারের ফলে দ্বিতীয়বার আইওএ সভাপতি হওয়ার সুযোগ হারালেন ঊষা. পুরুষ বিভাগে অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন গগন নারাং, বিজেন্দর সিং, যোগশ্বর দত্ত ও কমলেশ মেহতা। আগামি ৫ ডিসেম্বর আইওএ সভাপতি পদে নির্বাচনে লড়াই করার যোগ্যতা অর্জন করলেন এই জয়ী পুরুষ ও মহিলা ক্রীড়াবিদরা।








